৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ১২ অক্টোবরের মধ্যে নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০২৫ সালের ২৭ নভেম্বরের সুপারিশের ভিত্তিতে এসব নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
নিয়োগপ্রাপ্তরা দুই বছর শিক্ষানবিস হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে এ সময় আরও দুই বছর বাড়ানো যেতে পারে। প্রশিক্ষণ সফলভাবে শেষ, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে সম্পন্ন হলে চাকরি স্থায়ী করা হবে।
শিক্ষানবিস কাল বা তা শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণকালে পাওয়া বেতন-ভাতা, অগ্রিম, ভ্রমণভাতা এবং প্রশিক্ষণে সরকারের ব্যয় করা অর্থ ফেরত দিতে হবে।
চাকরিতে যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের নিজেদের ও পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ জমা দিতে হবে। পরবর্তী সময়ে প্রতি পাঁচ বছর পর সম্পত্তির হ্রাস-বৃদ্ধির হিসাবও দিতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত শর্ত মেনে আগামী ১২ অক্টোবরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগে সম্মত নন ধরে নিয়ে নিয়োগপত্র বাতিল করা হবে।

