রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১ মার্কিন দূতকে নিয়ে দিল্লিতে সম্মেলন

নিউজ ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশে দায়িত্ব পালনরত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন রাষ্ট্রদূতদের এ বৈঠকের আয়োজন করেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

‘অ্যাম্বাসেডরস রিজিওনাল কনফারেন্স’ নামের এ বৈঠকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা অংশ নেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনও সম্মেলনে যোগ দিতে দিল্লি যান।

সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়ার এসব দেশে দায়িত্ব পালনরত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তিনি তাদের যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে কাজ করার কথা উল্লেখ করেন।

বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম এবং আঞ্চলিক কৌশলগত, নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। তবে সম্মেলন থেকে কোনো নতুন দ্বিপক্ষীয় নীতি বা উদ্যোগ ঘোষণার তথ্য পাওয়া যায়নি।

এ সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ দৃশ্যমান। আগামী অক্টোবরের মাঝামাঝি মার্কো রুবিওর উজবেকিস্তান সফরের কথা রয়েছে। সেখানে তিনি ‘সি৫+১’ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি শতাধিক মার্কিন কোম্পানির প্রতিনিধিদের নিয়ে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে।

নয়াদিল্লির এ সম্মেলনের মধ্য দিয়ে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রমের সমন্বয় এবং আঞ্চলিক অগ্রাধিকার নিয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি হলো।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন