দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় বাংলাদেশকে পাঁচ লাখ ডেঙ্গু NS1 ‘র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট’ কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তার জন্য মার্কিন অর্থায়নে পরিচালিত STRIDES কার্যক্রমের আওতায় এসব কিট দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তৃষিতা মওলা।
স্বাস্থ্যমন্ত্রী জানান, হস্তান্তর করা কিটগুলো প্রথমে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা হবে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে পাঠানো হবে। দ্রুত দেশজুড়ে কিট বিতরণের নির্দেশনাও দিয়েছেন তিনি।
তিনি বলেন, নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি ব্যবস্থাপনাতেও ডেঙ্গু শনাক্তকরণ কিট ও আইভি স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে দেশের কোনো এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু ভ্যাকসিন চালুর বিষয়েও সরকারের চিন্তাভাবনার কথা জানিয়েছেন। ভ্যাকসিনের ব্যয়, কার্যকারিতা ও নিরাপত্তা বিবেচনায় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কিট হস্তান্তর অনুষ্ঠানের পর স্বাস্থ্যমন্ত্রী ও মার্কিন প্রতিনিধিসহ কর্মকর্তারা কুর্মিটোলা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ও রোগনির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন।

