টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও কাজের আদেশ প্রদানে ঘুষের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল অধিদপ্তরের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় টেন্ডার সংক্রান্ত বিভিন্ন নথিপত্র তলব ও কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পরে ওয়াশ ব্লক নির্মাণ প্রকল্পের কয়েকটি স্থান সরেজমিনে পরিদর্শন করা হয়।
দুদক কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে দ্বিতীয় বা তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার অভিযোগ এবং দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব যথাযথভাবে বিবেচনা না করে পুনঃটেন্ডারের অভিযোগের অনুসন্ধানে এ অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। আরও প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। নথিপত্র পর্যালোচনা ও প্রকল্প সরেজমিনে যাচাইয়ের পর অভিযোগের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে দুদকের সহকারী পরিদর্শক আবু সাদেক, উপসহকারী পরিচালক মামুন ও বোরহান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার বক্তব্য পাওয়া যায়নি।#

