সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

নিউজ ডেস্ক

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের পর নির্বাচনের প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের সময় নির্ধারণে এসএসসি পরীক্ষা, রমজান, ধর্মীয় উৎসব ও জাতীয় দিবসসহ স্থানীয় বাস্তবতাগুলো বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন, স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে ইউপি নির্বাচনের জন্য একটি সুসংহত ও বাস্তবসম্মত পরিকল্পনা করা হবে। ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত রাখার পাশাপাশি স্থানীয় পর্যায়ের সার্বিক পরিবেশ ও পরিস্থিতি মূল্যায়ন করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে সরকারের। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে বলেও তিনি জানান।

এদিকে ইউপি নির্বাচন প্রসঙ্গে ইসি জানিয়েছে, সময় নির্ধারণের ক্ষেত্রে শুধু প্রশাসনিক প্রস্তুতি নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও ধর্মীয় কার্যক্রমের সময়সূচিও বিবেচনায় নেওয়া হবে। ফলে নির্বাচন আয়োজনের সময়সূচি চূড়ান্ত করতে এসব বিষয় সমন্বয় করা হবে।

এদিকে ইউএনডিপির ‘ব্যালট’ প্রকল্পের আওতায় নির্বাচন কমিশন সচিবালয়, মাঠপর্যায়ের কর্মকর্তা, পুলিশ বাহিনী ও গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এর লক্ষ্য অপতথ্য, ভুল তথ্য বা ডিসইনফরমেশন এবং বিদ্বেষমূলক বক্তব্য বা হেইট স্পিচ মোকাবিলায় সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানো।

ইসি সচিব জানান, প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে প্রশিক্ষণের বিষয়বস্তু ও অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত করা হবে।

তিনি আরও জানান, এই প্রশিক্ষণ কোনো নির্দিষ্ট নির্বাচনকে কেন্দ্র করে নয়। বরং ইউএনডিপির ‘ব্যালট’ প্রকল্পের আওতায় ধারাবাহিক সক্ষমতা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবেই এটি বিবেচনা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন