রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়, আহত ১২

নিউজ ডেস্ক

চট্টগ্রামের রাউজানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ১২ সদস্য আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দিলদার হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, দিলদারের হেফাজত ও তাঁর দেখানো জায়গা থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চায়না রাইফেলের ১১৯ রাউন্ড গুলি, ছয় রাউন্ড সীসা কার্তুজসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে রাউজান উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়ায় অভিযানটি চালানো হয়।

পুলিশ জানায়, এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের বিষয়ে তথ্য পাওয়ার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে পুলিশের সঙ্গে চক্রটির সদস্যদের গুলি বিনিময় হয়। এতে পুলিশের ১২ সদস্য আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় দিলদার হোসেনকে আটক করা হয়।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারের পর দিলদারের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তাঁর হেফাজতে থাকা জায়গায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর আবু বক্কর চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া যায়। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ সংশ্লিষ্ট চক্রটির বিষয়ে তথ্য সংগ্রহ করে।

পরে বুধবার রাতে কদলপুর ইউনিয়নের দক্ষিণ কদলপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের ওপর গুলি চালানো হলে পাল্টা গুলি চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন