কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সঙ্গে পাল্লা দিতে নতুন প্রজন্মের জেমিনি ৪ মডেলের ঘোষণা দিয়েছে গুগল। ‘আর্গন’ নামের নতুন মডেলটিকে এখন পর্যন্ত নিজেদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল হিসেবে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে মডেলটির ঘোষণা দেওয়া হয়। গুগল জানিয়েছে, আগের উন্নত ‘প্রো’ মডেলগুলোর তুলনায় আর্গন আকারে বড় এবং জটিল কাজ সম্পাদনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
কোড লেখা ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন পরীক্ষায় আর্গন প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের শীর্ষ মডেলগুলোর সঙ্গে তুলনীয় ফল করেছে বলে জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, শিল্প খাতে ব্যবহৃত কয়েকটি মানদণ্ডে আর্গন কিছু ক্ষেত্রে অ্যাস্ট্রা ও ওপাসের চেয়েও ভালো ফল করেছে।
তবে সব পরীক্ষায় এগিয়ে নেই নতুন মডেলটি। কোডিং-সংক্রান্ত চারটি পরীক্ষার মধ্যে দুটিতে প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর পেছনে ছিল আর্গন। ফলে বিভিন্ন কাজে মডেলটির সক্ষমতায় পার্থক্য রয়েছে বলে গুগলের প্রকাশিত ফলাফলেই ইঙ্গিত মিলেছে।
এখনই সাধারণ ব্যবহারকারীদের জন্য আর্গন উন্মুক্ত করছে না গুগল। প্রাথমিকভাবে নির্বাচিত সাইবার নিরাপত্তা অংশীদারদের কাছে মডেলটি ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন এআই মডেল প্রকাশের আগে পরীক্ষামূলক ব্যবহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের স্বেচ্ছামূলক কার্যক্রমেও অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য আর্গন কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।
এদিকে জেমিনি ৩.৫ প্রো প্রকাশের পরিকল্পনাও বাতিল করেছে গুগল। এর আগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানিয়েছিলেন, মডেলটি জুনে প্রকাশ করা হবে। তবে নির্ধারিত সময়ে সেটি বাজারে আসেনি।
এই সময়ের মধ্যে গুগলের এআই গবেষণাগার ডিপমাইন্ডেও বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস দায়িত্বে পরিবর্তন এনেছেন। পাশাপাশি জেমিনি উন্নয়নের সঙ্গে যুক্ত কয়েকজন শীর্ষ কর্মকর্তাও গুগল ছেড়েছেন।
জেমিনি মডেল প্রকাশে কয়েক মাসের বিলম্বের সময় অ্যানথ্রপিক ও ওপেনএআই তাদের শীর্ষ মডেলগুলোর নতুন সংস্করণ উন্মোচন করে। এতে এআই উন্নয়নের প্রতিযোগিতায় গুগল পিছিয়ে পড়ছে কি না—এমন আলোচনা শুরু হয়। তবে গত জুলাইয়ে সুন্দর পিচাই এ ধারণার বিরোধিতা করেছিলেন।
সাম্প্রতিক সময়ে গুগল জেমিনির অত্যাধুনিক সক্ষমতার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর তুলনায় কম খরচে ব্যবহারের সুবিধার ওপরও গুরুত্ব দিচ্ছে। ফলে সক্ষমতা ও ব্যয়—দুই দিক থেকেই এআই বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার দিকে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

