রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটির জেরে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম সোহাগ (৪৫)। তিনি নিউ ইস্কাটনের ৬২/এ নম্বর বাসায় থাকেন।
হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, সোহাগের সঙ্গে সাইমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইমন সোহাগের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হন। পরে সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় স্থানীয় লোকজন তাঁর মোটরসাইকেলটি আটক করে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা এ সময় সাইমনের বিরুদ্ধে স্লোগান দেন বলে জানা গেছে।
আহত সোহাগ অভিযোগ করেন, সাইমন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারি ও মাদক কারবারের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

