বিগত ১৮ বছর ফ্যাসিবাদী শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (২ অক্টোবর) মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, ফ্যাসিবাদী শাসনামলেও তারা সারা দেশে ঘুরে বেড়িয়েছেন, মিছিল-মিটিং করেছেন। হত্যা ও নির্যাতনের ভয়েও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে পালিয়ে যাননি। তবে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও আমলাদের অনেকে পালিয়ে ভারতে চলে গেছেন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসন-৫-এর সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

