সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

তিন মাসেই কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

নিউজ ডেস্ক

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, আগামী তিন মাসের মধ্যে দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা সমূলে উৎখাত করা হবে। কিশোররা অস্ত্র-চাপাতি নিয়ে ঘুরবে না; তারা বই-খাতা নিয়ে স্কুলে যাবে, লেখাপড়া ও দক্ষতা অর্জনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটিকসের মতো আধুনিক প্রযুক্তিতে যুক্ত হবে।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে করণীয়’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

চিফ হুইপ বলেন, কিশোর গ্যাংয়ের পেছনে যারা পৃষ্ঠপোষকতা বা মদদ দেয়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। অন্যায় ও অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সমাজে যারা সন্ত্রাস ও মব সৃষ্টির সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সরকার কোনো ‘হেলমেট বাহিনী’ বা ‘হাতুড়ি বাহিনী’ দেখতে চায় না। একই সঙ্গে অশ্লীল ভাষা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নূরুল ইসলাম মনি বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। নিজের ঘর থেকেই অপরাধ নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করা হয়েছে। তবে কিশোর গ্যাং প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ক্ষমতার পালাবদলের সঙ্গে সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, মাদক কারবারি ও জুয়াড়িরা রাজনৈতিক পরিচয় পরিবর্তনের চেষ্টা করে। কিশোর গ্যাং পরিচালনায় জড়িত পৃষ্ঠপোষকদের কোনো রাজনৈতিক পরিচয় না দেখে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকারি দল ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন