ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ার মধ্যে জরুরি মজুদ থেকে ডিজেল ছাড়তে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলো। যুক্তরাষ্ট্রের চাপ ও সম্ভাব্য ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞার হুমকির পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) জি৭ দেশগুলো আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে জরুরি মজুদ থেকে মোট ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল ছাড়ার বিষয়ে সম্মত হয়। এ প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু হবে এবং চার মাস ধরে চলবে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল আগামী ২০ দিনের মধ্যে বাজারে ছাড়ার কথা রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলোকে জরুরি ডিজেল মজুদ বাজারে ছাড়ার জন্য চাপ দেয়। মার্কিন প্রশাসন সতর্ক করে বলেছিল, ইউরোপ মজুদ না ছাড়লে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। ইউরোপীয় দেশগুলো বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ ডিজেল আমদানি করে থাকে।
এর আগে ফ্রান্সের পক্ষ থেকে ইউরোপীয় দেশগুলোর ৫ কোটি ব্যারেল ডিজেল এবং আইইএর সদস্য দেশগুলোর আরও ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। শুক্রবার এ নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে আলোচনা হয়।
জ্বালানি মজুদ ছাড়ার খবরের পর আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের ডিজেল ফিউচারের দাম ৩ শতাংশের বেশি কমে যায়। একই সময়ে ইউরোপের বেঞ্চমার্ক ডিজেল ফিউচারও প্রায় ৬ শতাংশ কমেছে।
জি৭ জানিয়েছে, সদস্য দেশগুলো নিজেদের মধ্যে জ্বালানি রপ্তানিতে বিধিনিষেধ আরোপ না করার বিষয়েও সম্মত হয়েছে। একই সঙ্গে বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আরও ডিজেল মজুদ ছাড়ার সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

