সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

চট্টগ্রাম বন্দরের আরেক টার্মিনাল যাচ্ছে বিদেশি অপারেটরের হাতে

নিউজ ডেস্ক

চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে টার্মিনালটি পরিচালনা করছে দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড।

সিসিটি পরিচালনার জন্য আরএসজিটিআইকে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। গত ২৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের চিঠিতে সিসিটির অপারেটর হিসেবে আরএসজিটিআইয়ের নিয়োগপত্র প্রক্রিয়াকরণের জন্য ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের (আইবিএ) চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে। এতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় চট্টগ্রাম বন্দরের দুটি প্রকল্পে সৌদি প্রতিষ্ঠানটির আগ্রহের কথাও উল্লেখ করা হয়েছে।

প্রকল্প দুটি হলো—সিসিটি ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এবং বে টার্মিনাল-মাল্টিপারপাস টার্মিনাল।

সিসিটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ড, আরএসজিটিআই ও দেশীয় এমজিএইচ গ্রুপ পৃথক প্রস্তাব জমা দিয়েছিল। এর মধ্যে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড ৮ এপ্রিল এবং আরএসজিটিআই ২২ এপ্রিল প্রস্তাব দেয়। আরএসজিটিআই সিসিটির পাশাপাশি জিসিবি টার্মিনাল পরিচালনায়ও আগ্রহ দেখিয়েছে। সুযোগ পেলে প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ে সিসিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৫ সালে বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ১৬ শতাংশ হয়েছে এই টার্মিনালের মাধ্যমে। একই সময়ে এনসিটিতে প্রায় ৪৪ শতাংশ, জিসিবিতে ৩৬ শতাংশ এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনালে প্রায় ৪ শতাংশ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।

এর আগে ২০২৪ সালে পাওয়া ২২ বছর মেয়াদি চুক্তির আওতায় পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নেয় আরএসজিটিআই।

এদিকে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার হ্যান্ডলিং সুবিধাসম্পন্ন নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়ে খসড়া চুক্তির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এনসিটির পর এবার সিসিটি পরিচালনার দায়িত্বও বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো।

 

সূত্র: সমকাল

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন