রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

নিউজ ডেস্ক

নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর দখল হয়ে থাকা ফুটপাত পর্যায়ক্রমে দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। উচ্ছেদ করা কোনো ফুটপাত কেউ পুনরায় দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরের বিভিন্ন চলাচলের পথ দখল করে মানুষের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। কিছু ব্যবসায়ী ও হকার ফুটপাতে চকি, মাচাসহ বিভিন্ন স্থাপনা বসিয়ে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছেন। এসব দখল পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

তিনি জানান, সম্প্রতি মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে হোপ মার্কেট পর্যন্ত দীর্ঘদিনের দখলে থাকা ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এ কাজে স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেছেন। অনেক নগরবাসী জানিয়েছেন, ১৩ থেকে ২০ বছর ধরে তারা ওই ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারেননি। দখলমুক্ত করার পর মানুষের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে বলেও জানান তিনি।

দখলমুক্ত করা ফুটপাত পুনরায় দখল ঠেকাতে মনিটরিং টিম গঠন করা হয়েছে জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, স্থানীয় জনগণ, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে গঠিত দলটি প্রতিদিন সকাল, দুপুর, বিকাল ও সন্ধ্যায় বিভিন্ন ফুটপাত পর্যবেক্ষণ করছে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে ফুটপাতে বসা থেকে বিরত থাকার জন্য প্রচারণাও চালানো হচ্ছে।

তিনি বলেন, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এখনও কিছু ফুটপাত দখল রয়েছে। এসব এলাকায় আগেও অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে সেখানেও দখলমুক্ত অভিযান পরিচালনা করা হবে।

ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগে রাজনৈতিক দলের সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, এ উদ্যোগ সিটি করপোরেশনই নিয়েছে। নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে যেখানে ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন, সেখানে কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

দীর্ঘদিনের অবৈধ দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সিটি করপোরেশন ও সংশ্লিষ্টদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কেউ অপপ্রচার চালালে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সাংবাদিকদের সহযোগিতা চেয়ে শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রমের পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন। নগরবাসী সচেতন হয়ে সিটি করপোরেশনকে সহযোগিতা করলে ফুটপাত দখলমুক্ত রাখা এবং নগরের পরিচ্ছন্নতা নিশ্চিত করা সহজ হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে ডিএনসিসির অঞ্চল-৫-এর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের প্রতিনিধিসহ স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন