রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দেশের মানুষ ভালো নেই: জামায়াত আমির

নিউজ ডেস্ক

দেশের মানুষ ভালো নেই বলে দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর ভাষ্য, মানুষের সমস্যা শুধু খাওয়া-পরা বা জীবনযাত্রার মধ্যে সীমাবদ্ধ নয়; ইজ্জত ও নিরাপত্তার বিষয়েও মানুষ সংকটে রয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতপন্থী ইসলামী বক্তাদের সংগঠন মাজলিসুল মুফাসসিরীনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সমাজে দু-একজনের ভুল বা অনিয়মের কারণে পুরো আলেম সমাজকে দায়ী করা ঠিক নয়। কোনো ব্যক্তির কর্মকাণ্ডের দায় সামগ্রিকভাবে আলেম সমাজের ওপর চাপানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সংসদে পাস হওয়া একটি আইন নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি দাবি করেন, আইনটি কোরআন-সুন্নাহবিরোধী। এ আইন সংশোধনের বিষয়ে সবাইকে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশোধনের উদ্দেশ্যেই আইনটির সমালোচনা করতে হবে।

সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ নিয়ে জামায়াতে ইসলামী আপত্তি জানিয়েছিল। দলটির পক্ষ থেকে বিলটি ইসলামিক ফাউন্ডেশন ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামতের জন্য পাঠানোর দাবি জানানো হয়।

এর আগে সংসদে দেওয়া বক্তব্যে শফিকুর রহমান ওই আইনকে কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে ব্যাখ্যা দিয়েছেন, সংশোধিত আইনের সংশ্লিষ্ট ধারায় হেবা বা অন্য আইনে স্বীকৃত সম্পত্তি হস্তান্তরের বৈধতা ক্ষুণ্ন না হওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

সম্মেলনে ডা. শফিকুর রহমান আলেম সমাজের ভূমিকা ও সামাজিক দায়িত্ব নিয়েও বক্তব্য দেন। তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল—কয়েকজনের কর্মকাণ্ডের জন্য পুরো একটি শ্রেণি বা সমাজকে দায়ী না করে সংশ্লিষ্ট ব্যক্তির কাজের দায় ব্যক্তিগতভাবেই বিবেচনা করা উচিত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন