রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হরমুজে তেলবাহী দুই জাহাজে হামলা, তীব্র হচ্ছে ইরান যুদ্ধ

নিউজ ডেস্ক

হরমুজ প্রণালিতে তেলবাহী দুটি জাহাজে ‘অজ্ঞাত নিক্ষেপযোগ্য বস্তু’ বা প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা। শনিবার (৩ অক্টোবর) সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থার তথ্যমতে, হরমুজ প্রণালিতে পৃথক দুটি ঘটনায় তেলবাহী জাহাজ লক্ষ্য করে প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়। তবে হামলায় জাহাজ দুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ইরান যুদ্ধের প্রভাব পড়েছে ইয়েমেনের সংঘাতেও। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় হুতিদের অবস্থান ও সামরিক সক্ষমতা লক্ষ্য করে ৪৭৪টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় ১ হাজার ৫৪০ জন হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে তারা। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দক্ষিণ সৌদি আরবের দিকে হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জোটটি।

গাজা উপত্যকাতেও হামলা অব্যাহত রয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম গাজা সিটির একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী। এ ঘটনায় আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন আল-শিফা হাসপাতালের চিকিৎসাকর্মীরা।

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় চলতি বছরে অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের একটি বিশেষ কমিশন। কমিশনের হিসাবে, ২ অক্টোবর পর্যন্ত নিহতের সংখ্যা ৩০-এ পৌঁছেছে, যা ২০২২ সালের পর কোনো পূর্ণ বছরে সর্বোচ্চ।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এই জলপথে তেলবাহী জাহাজে হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন