আগামী তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্প এলাকায় ১০ একর জায়গায় অস্থায়ী ডিপো তৈরির কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল সেখানে স্থানান্তর করা হবে।
তিনি বলেন, রাজউকের মাধ্যমে চুনকুটিয়ায় আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়ার কথা রয়েছে। সেখানে স্থায়ীভাবে টার্মিনাল ও ডিপো নির্মাণ করা হবে। ভবিষ্যতে দক্ষিণবঙ্গের ১৯ জেলার বাস, ট্রাক এবং বাদামতলী আড়তের পণ্যবাহী ট্রাকও ওই এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।
চুনকুটিয়ায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, দক্ষিণবঙ্গের ১৯ জেলার বাসসহ অন্যান্য পরিবহন পর্যায়ক্রমে সেখানে নেওয়া হবে।
তিনি বলেন, স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মাণের আগ পর্যন্ত ১০ একর জায়গায় অস্থায়ীভাবে গুলিস্তান ও ফুলবাড়িয়ার টার্মিনাল স্থানান্তর করা হবে। এ কাজ সর্বোচ্চ তিন মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, চুনকুটিয়ায় পরিবহন ব্যবস্থাপনা শৃঙ্খলাবদ্ধ নিয়মের মধ্যে পরিচালিত হবে। কেউ নিয়মের বাইরে গিয়ে অনিয়ম করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর যানজট ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এই স্থানান্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

