জাতিকে বিভক্ত করার পুরোনো বয়ান পরিহার করে অতীত থেকে শিক্ষা নেওয়া এবং প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (৩ অক্টোবর) বায়তুল মোকাররমের উত্তর গেটে মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।
গোলাম পরওয়ার বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া যেসব কথা বলেননি, তারেক রহমান সেসব কথা বলে নিজেকে বেশি বিচক্ষণ প্রমাণ করতে চাইছেন কি না, সেই প্রশ্ন রয়েছে।
১৯৭১ সালের প্রসঙ্গে তিনি বলেন, সে সময় জামায়াতের অবস্থান অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল—এটি সত্য। তবে জামায়াত কোনো ফৌজদারি অপরাধ করেনি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে জনগণই বিচার করবে বলেও মন্তব্য করেন।
মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তার ও রিমান্ডের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলার পাশাপাশি বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার কারণেই তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা মনে করেন। তিনি মামলাটি প্রত্যাহার, রিমান্ড বাতিল ও আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তির দাবি জানান।
আখতারুজ্জামানকে হাতকড়া ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করারও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তার প্রশ্ন, ‘হেলমেট আর হাতকড়া পরিয়ে কী প্রমাণ করতে চান? তিনি কী অপরাধ করেছেন?’
এ সময় সরকারের শীর্ষ নেতৃত্বের বক্তব্যেরও সমালোচনা করেন গোলাম পরওয়ার। বিএনপি ও জামায়াত দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক জোট ও আন্দোলনে একসঙ্গে ছিল উল্লেখ করে তিনি জামায়াতকে ‘গুপ্ত’ বা ‘স্বাধীনতাবিরোধী’ আখ্যা দেওয়ার বক্তব্যের প্রশ্ন তোলেন।
এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। এর আগে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।
সমাবেশ শেষে আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

