রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মিড-ডে মিলে বড় পরিবর্তন, পছন্দমতো খাবার বেছে নেবে শিক্ষার্থী

নিউজ ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে নতুন পদ্ধতি চালুর কথা ভাবছে সরকার। প্রস্তাব অনুযায়ী, প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়া হবে। ওই কুপন দিয়ে স্থানীয়ভাবে তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীর কাছ থেকে পছন্দের খাবার কিনতে পারবে তারা। তবে পছন্দের খাবার না পেলে কুপনের অর্থ শিক্ষার্থীর কাছেই থাকবে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে সক্ষমতা অনুযায়ী খাদ্য ব্যবসায়ীদের তালিকাভুক্ত করা হবে। কোনো শিক্ষার্থী তালিকাভুক্ত দোকান বা ব্যবসায়ীর কাছে পছন্দের খাবার না পেলে সেখান থেকে খাবার কিনতে বাধ্য হবে না। এ ক্ষেত্রে কুপনের অর্থ তার কাছেই থাকবে।

তবে কুপন ব্যবস্থা চালুর পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। সংশ্লিষ্টদের সঙ্গে আরও আলোচনা ও পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে অনুষ্ঠানে বিনামূল্যের পাঠ্যবইয়ের মান নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পাঁচ ধাপে বইয়ের মান যাচাই করা হচ্ছে। নিম্নমানের কাগজ ব্যবহার করা হলে সংশ্লিষ্ট বই বাতিল করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৩০ লাখ বই কেটে বিনষ্ট করা হয়েছে।

মন্ত্রী বলেন, এরপরও কেউ নিম্নমানের বই সরবরাহের চেষ্টা করলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর পর মান খারাপ পাওয়া গেলেও সংশ্লিষ্ট প্রিন্টার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন