ক্রীড়াবিদদের ভাতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে নিয়মিত মূল্যায়নের পাশাপাশি প্রতি চার মাস পরপর তালিকা হালনাগাদ করা হবে বলেও জানান তিনি।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে ক্রীড়া কার্ডপ্রাপ্তদের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আয়োজিত এক সভায় এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
সভায় ক্রীড়াবিদদের জন্য নাগরিক ও পরিবহন সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরা হয়। রেল, বিমান ও সড়কপথে তাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ক্রীড়াবিদরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারেন এবং তাদের পেশাদারিত্ব নিশ্চিত হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। এরই মধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দিয়ে ভাতার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে এ সংখ্যা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, শিগগিরই আরও ৯৫ জন ক্রীড়াবিদকে এ কার্যক্রমের আওতায় আনা হবে। অন্যদিকে পারফরম্যান্সের ভিত্তিতে ইতোমধ্যে ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতি চার মাস পরপর মূল্যায়নের মাধ্যমে তালিকা পর্যালোচনা করা হবে। এতে পারফরম্যান্সের ভিত্তিতে কেউ বাদ পড়তে পারেন, আবার যোগ্য নতুন ক্রীড়াবিদদেরও অন্তর্ভুক্ত করা হবে।
ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রমের জন্য বরাদ্দ করা ২০০ কোটি টাকা থেকেই ক্রীড়াবিদদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
সভায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টিও আলোচনায় আসে। ব্যক্তিগত কারণে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যায়নি—এ কথা আগেও বলা হয়েছে উল্লেখ করে আমিনুল হক বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের সিদ্ধান্তের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াবিদদের সাফল্য বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছর পর অলিম্পিকে পদকের জন্য লড়াই করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়া হবে বলে জানান তিনি। এশিয়ান গেমসসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতাকে সামনে রেখে বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
পাশাপাশি ক্রীড়াবিদদের নাগরিক ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করে তাদের খেলাধুলায় আরও মনোযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

