রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুনে হওয়া অন্তর্বর্তী সমঝোতায় থাকা সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।

বার্তাসংস্থা নুরনিউজ রোববার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে এক ধরনের বক্তব্য দিলেও সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে। তবে একতরফা দাবি এবং আলোচনার প্রক্রিয়া দীর্ঘায়িত করার সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, ইরানের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকে থাকা সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।

এর আগে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিরসনে তেহরান নতুন একটি প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটন ওই প্রস্তাব গ্রহণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনায় আরাঘচি বলেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরানের শর্তগুলো স্পষ্টভাবে জানানো হয়েছে। এসব শর্ত যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে।

কূটনীতির আহ্বান, সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নেবে বলে তারা আশা করছেন। তবে ওয়াশিংটন যদি আবার সামরিক পথ অনুসরণ করে, তাহলে ইরানও প্রস্তুত রয়েছে।

আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র সামরিক সমাধানের দিকে এগোলে ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত থাকবে এবং নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

ইরানি দুই শীর্ষ কর্মকর্তার বক্তব্যে হরমুজ প্রণালি নিয়ে তেহরানের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ নিরসনে কূটনৈতিক সমাধানের সুযোগ রাখার কথাও জানিয়েছে ইরান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন