দুই দিনে বাংলাদেশ পুলিশের ৯৬ জন কর্মকর্তা ও শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে তিনজন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি, নয়জন পুলিশ সুপার (এসপি) এবং ৭২ জন শিক্ষানবিশ এএসপি রয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৭২ শিক্ষানবিশ এএসপিকে জনস্বার্থে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব আদেশ কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষানবিশ এএসপিরা জেলায় বাস্তব অভিজ্ঞতা অর্জনের কার্যক্রম সন্তোষজনকভাবে শেষ করার পর নতুন কর্মস্থলে যোগ দেবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর একদিন পর রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে পুলিশের আরও ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়।
যেসব ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
নতুন আদেশে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে, বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে মেট্রোরেলে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া সিআইডির এসপি এ টি এম মোশাররফ হোসেন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের এসপি মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত এসপি মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।
পুলিশের বিশেষ শাখার এসপি আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিসি, পিবিআইয়ের এসপি ইয়াছমিন খাতুনকে এসবিতে এবং পুলিশ সদর দপ্তরের এআইজি নিশাত এ্যঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের এসপি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি কবীর আহম্মেদকে কেএমপির ডিসি করা হয়েছে।
আরও যেসব পদে পরিবর্তন
প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে কেএমপির ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। সিএমপির ডিসি শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।
কেএমপির ডিসি এম এম শাকিলুজ্জামানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি এবং বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি ড. মো. সাইফুজ্জামান বিন আনোয়ারকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
এ ছাড়া রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মমতাজুল ইসলামকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট, টিডিএসের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে এবং এসআরইউয়ের এসপি মোছা. শিরিন আক্তার জাহানকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি ড. মো. মঞ্জুরে আলম প্রামানিককে ট্যুরিস্ট পুলিশে, এসআরবি পরিচালক মো. মোশাররফ হোসেনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এবং টিডিএসের এসপি মোহাম্মদ আব্দুল হালিমকে সিআইডিতে বদলি করা হয়েছে।
সিআইডির এসপি মুহাম্মদ রেজাউল মাসুদকে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং সিআইডির এসপি মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

