সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০১ গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।

সারাদেশের শিক্ষকদের মধ্য থেকে জাতীয় স্টিয়ারিং কমিটির মাধ্যমে ৯৫ জনকে সম্মাননার জন্য চূড়ান্ত করা হয়। এর বাইরে প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও ছয়জন শিক্ষক এ তালিকায় যুক্ত হয়েছেন। তবে সম্মাননা পাওয়া কোনো শিক্ষকের বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ মন্তব্য বা নেতিবাচক তথ্য পাওয়া গেলে তার নাম তালিকা থেকে বাদ দেওয়ার বিধান রাখা হয়েছে।

সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

যেভাবে নির্বাচিত ১০১ শিক্ষক

এ বছর প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনজন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে চারজন শিক্ষক সম্মাননা পাচ্ছেন। এর সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচিত ছয়জন শিক্ষক রয়েছেন।

প্রাথমিক পর্যায়ের ১০ শিক্ষকের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের আটজন এবং মাদ্রাসার দুজন রয়েছেন। মাধ্যমিক পর্যায়ের ২০ জনের মধ্যে সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার পাঁচজন এবং মাদ্রাসার পাঁচজন শিক্ষক রয়েছেন।

কলেজ পর্যায়ে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার পাঁচজন এবং মাদ্রাসার পাঁচজন শিক্ষক সম্মাননা পাচ্ছেন। সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষকের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন রয়েছেন।

চিকিৎসা শিক্ষায় পাঁচজন চিকিৎসা মহাবিদ্যালয় এবং পাঁচজন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সম্মাননা দেওয়া হচ্ছে। এ ছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক রয়েছেন।

বিশ্ব শিক্ষক দিবসে এই সম্মাননার মাধ্যমে বিভিন্ন পর্যায়ে শিক্ষা ও শিক্ষকতায় বিশেষ অবদান রাখা শিক্ষকদের স্বীকৃতি দেওয়া হলো।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন