সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক

দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে এ অর্থায়ন করা হবে।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সরকার ও আইডিএর মধ্যে এ-সংক্রান্ত অর্থায়ন চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর), যা প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থায়ন করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জঁ পেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। অর্থ বিভাগ, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্পের মূল লক্ষ্য হলো রোপণ মৌসুমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করা। এর মাধ্যমে কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

চুক্তির শর্ত অনুযায়ী, উত্তোলিত ঋণের ওপর বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ সুদ দিতে হবে। অনুত্তোলিত অর্থের ওপর বার্ষিক সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি নির্ধারিত থাকলেও বাংলাদেশকে এ ফি দীর্ঘদিন ধরে মওকুফ করে আসছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরেও এ ফি মওকুফ করা হয়েছে।

ঋণটি পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী। নতুন এই অর্থায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতে দুই পক্ষের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো ও জ্বালানিসহ বিভিন্ন খাতে একাধিক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

 

সূত্র: বাসস

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন