সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অক্টোবরের শেষ সপ্তাহে টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী, চার দিনের এ সফর ২৬ অক্টোবর শুরু হতে পারে। তবে প্রধানমন্ত্রীর সফরের চূড়ান্ত তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি সফরের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। সে বিষয়ে প্রস্তুতি চলছে।’ তবে তিনি প্রধানমন্ত্রীর রওনা হওয়ার নির্দিষ্ট তারিখ জানাননি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর ঢাকা ছাড়তে পারেন প্রধানমন্ত্রী। প্রাথমিক আলোচনায় টোকিও সফরটি তিন থেকে চার দিনের হতে পারে। দুই দেশের কর্মকর্তারা সফরের আয়োজন ও কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এর আগে গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোইউকি নামাজু প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এ আমন্ত্রণ বাংলাদেশের কাছে পৌঁছে দেন।

একই সময়ে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। এর জবাবে বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।

প্রস্তাবিত সফরকে ঘিরে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পেতে পারে। সাম্প্রতিক আলোচনায় জাপানের অর্থায়নে চলমান বড় অবকাঠামো প্রকল্প, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং বাংলাদেশি দক্ষ কর্মীদের জাপানে কর্মসংস্থানের বিষয়গুলোও গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ও জাপানের সম্পর্ক ২০২৩ সালে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত হয়। ফলে প্রধানমন্ত্রীর সম্ভাব্য টোকিও সফরকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন