রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই

নিউজ ডেস্ক

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত নিয়ে তৈরি আইনি জটিলতা আপাতত কেটে গেছে। হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক।

এর ফলে ১৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের প্রধান শিক্ষক পদে আবেদনের সুযোগ দিয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত বহাল থাকছে। একই সঙ্গে ইতোমধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৫ অক্টোবর থেকে অনুষ্ঠেয় সংশ্লিষ্ট পরীক্ষায় অংশ নিতে আইনগত বাধা থাকছে না।

মঙ্গলবার (৬ অক্টোবর) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) করা আপিলের শুনানি শেষে চেম্বার আদালত এ আদেশ দেন।

চলতি বছরের ২৫ মার্চ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত হাইস্কুলের প্রধান শিক্ষক পদে আবেদন করতে প্রার্থীদের অভিজ্ঞতার সময়সীমা ১৮ বছর নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে ওই সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ আপিল করলে মঙ্গলবার চেম্বার আদালত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন।

আদালতের আদেশের ফলে ১৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের প্রধান শিক্ষক পদে আবেদন করার সুযোগ দিয়ে চালু করা বিধি কার্যকর থাকবে। আগে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও নির্ধারিত সময় অনুযায়ী পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এদিকে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষকসহ গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। গত ২৯ জানুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে প্রধান শিক্ষক পদে ১০ হাজার ২৭৮টি শূন্য পদ ছিল।

এ ছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ ও সুপার পদে প্রায় ১৫০টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারসহ বিভিন্ন পদে ৩ হাজার ১৩১টি শূন্য পদ ছিল। সব মিলিয়ে ওই সময় শূন্য পদের সংখ্যা ছিল প্রায় ১৩ হাজার ৫৫৯টি।

চেম্বার আদালতের আদেশে রিট আবেদনকারী ৪৬ জনের জন্য ৪৬টি পদ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এসব পদ বাদে অন্যান্য শূন্য পদে নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নিতে সরকারের আর কোনো আইনগত বাধা থাকছে না।

আদালতের এই সিদ্ধান্তের ফলে প্রধান শিক্ষক নিয়োগের দীর্ঘসূত্রতা কাটিয়ে ১৫ অক্টোবর থেকে সংশ্লিষ্ট পরীক্ষার কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন