বহর সম্প্রসারণ ও ভবিষ্যৎ উড়োজাহাজ পরিবহন পরিকল্পনার অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এ উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিমানের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।
আমন্ত্রণপত্র অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেলটির গ্রাউন্ড লেভেলের উৎসব হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের মধ্যে ১০টি উড়োজাহাজ অধিগ্রহণের চুক্তি সই হবে। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিমান ও এয়ারবাসের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
চুক্তি সই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার উপস্থিত থাকবেন।
বিমানের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশের পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন রুট চালুর সুযোগও তৈরি হতে পারে।
এর আগে বহর সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ সংগ্রহের উদ্যোগ নেয় বিমান। দুই দফায় প্রতিষ্ঠানটির সঙ্গে মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছে।
এবার এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ অধিগ্রহণের চুক্তি বিমানের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের চলমান পরিকল্পনায় নতুন সংযোজন হিসেবে যুক্ত হচ্ছে।

