রাজধানীতে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত চার দিনে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিএমপি জানায়, চাঁদাবাজির নির্দিষ্ট অভিযোগ এবং সংশ্লিষ্টদের কর্মকাণ্ডের ওপর নজরদারির ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ বাড়তে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠান, পরিবহন খাত ও জনবহুল এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

