রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

নিউজ ডেস্ক

নাইজেরিয়ার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন।

সোমবার (৫ অক্টোবর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্ডো রাজ্যে বিমানটি বিধ্বস্ত হয়। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এক বিবৃতিতে টিনুবু জানান, বিমানবাহিনীর প্রধান তাকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করেছেন। দুর্ঘটনার কারণ জানতে নাইজেরিয়ান এয়ার ফোর্সকে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে তদন্তের মাধ্যমে কারণ চিহ্নিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট।

দেশটির বিমানমন্ত্রী জানান, বিমানবাহিনীর এটিআর-৪২ উড়োজাহাজটি বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে নিয়মিত মিশনে ছিল। সোমবার ০৮১৩ জিএমটিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে উপকূলীয় শহর ইগবোকোডার কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

নাইজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম বলে জানা গেছে।

সূত্র: কাতার নিউজ এজেন্সি

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন