সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

লটারির মাধ্যমে ১৩১ জন সাবরেজিস্ট্রার বদলি

নিউজ ডেস্ক

প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রারদের বদলি ও পদায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে সারাদেশের ১৩১ জন সাবরেজিস্ট্রারের মধ্য থেকে ঢাকার ১৮টি সাবরেজ্রি অফিসের জন্য ১৮ জনকে লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বদলি কার্যক্রম উদ্বোধনের পর এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি-পদায়ন নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। রাতারাতি এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। তবে কোথাও না কোথাও থেকে পরিবর্তনের উদ্যোগ শুরু করতে হবে, আর আজ সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

ঢাকায় পোস্টিংকে ‘প্রাইস পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় উল্লেখ করে তিনি বলেন, গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত এসব পদে কারা দায়িত্ব পাবেন, তা লটারির মাধ্যমে নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সারাদেশের ১৩১ জন সাবরেজিস্ট্রারের মধ্য থেকে লটারিতে বাছাই করা ১৮ জনকে ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসে পদায়ন করা হবে। পরবর্তী সময়ে তাদের দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা বিবেচনা করে গুরুত্বপূর্ণ অফিসে বদলি করা হবে।

আইনমন্ত্রী আরও বলেন, কোনো কর্মকর্তা বদলি হয়ে নতুন কর্মস্থলে গিয়ে দুর্নীতিতে জড়ালে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে।

এদিকে এক সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে সাংবাদিকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন