ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের জেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে আকাশবাণী ভবনের সামনে প্রায় ৯ ঘণ্টার অবস্থান কর্মসূচির পর তাদের হেফাজতে নেওয়া হয়।
এ সময় কংগ্রেসের আরও কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়। ভোটার তালিকা সংশোধনের বিশেষ কার্যক্রম নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করার অভিযোগ তুলে বিরোধী দলগুলো এ আন্দোলন করছে।
মঙ্গলবার ‘ইন্ডিয়া’ জোটের নেতারা নির্বাচন সদনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। পরে এর প্রতিবাদে আকাশবাণী ভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতারা।
বিক্ষোভে রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে অভিযোগ করেন, সরকার নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। কংগ্রেস নেতারা জানান, নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাতের সুযোগ এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে।
এর আগে দুপুরে মিছিল আটকে দেওয়ার পর রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে পুলিশ আটক করে বাসে তোলে। পরে তারা সেখান থেকে বের হয়ে নির্বাচন কমিশনের সদর দপ্তরের পাশের আকাশবাণী ভবনে প্রবেশ করে অবস্থান নেন।
এদিকে বিক্ষোভের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক ইউনিট। বিভ্রান্তিকর তথ্য থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
সূত্র: এনডিটিভি

