বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন জাপানের টয়োটা তুশো করপোরেশনের প্রতিনিধিরা। পাশাপাশি দেশে কার্যক্রম সম্প্রসারণ, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় দক্ষ জনবল তৈরিতে অবদান রাখার আগ্রহ প্রকাশ করেছে টয়োটা।
প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নীতি সহায়তা ও অবকাঠামোগত সুবিধা দেওয়ার কথাও জানান তিনি।
বৈঠকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতেও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। এসব খাতে টয়োটা তুশো আগ্রহ দেখালে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানানো হয়।
টয়োটা কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সব বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের কাজ চলছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে টয়োটার সেবা আরও সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া একটি অর্থনৈতিক অঞ্চলে ২০২৭ সালে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (এইচইভি) বা বৈদ্যুতিক গাড়ি উৎপাদনশিল্প গড়ে তোলার কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’ দর্শন সামনে রেখে নেওয়া এ উদ্যোগে ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশের তরুণদের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী মানবসম্পদ তৈরিতেও কাজ করার আগ্রহ জানিয়েছে টয়োটা।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
টয়োটা তুশোর পক্ষে মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

