রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৭ অক্টোবর) সকালে বঙ্গভবনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে বাধাগ্রস্ত করে। মতের ভিন্নতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী করা সম্ভব।
সাক্ষাৎকালে হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য ৬০০ কোটি টাকা সরকারি বরাদ্দের বিষয়টিও রাষ্ট্রপতিকে জানানো হয়। পাশাপাশি শূন্য পদে শিক্ষক নিয়োগ, ছাত্রীদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর সহযোগিতা কামনা করেন উপাচার্য।
রাষ্ট্রপতি এসব সমস্যা সমাধানে প্রতিনিধিদলকে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা দেশের উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে হাবিপ্রবিকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে হাবিপ্রবির আসন্ন সমাবর্তনে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন তিনি।

