সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ অক্টোবরের ছুটি বাতিল করেছে সরকার। ফলে ওই দিন শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. ওয়ালীউল হাসান স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবার মতো জরুরি পরিষেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং জরুরি কাজের সঙ্গে যুক্ত অফিসগুলোর ক্ষেত্রেও ছুটি প্রযোজ্য হবে না।

ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। অন্যদিকে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানার সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকারের নতুন সিদ্ধান্তের ফলে দুর্গাপূজার ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে এবং ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিন সাধারণ ছুটি ভোগ করবেন সংশ্লিষ্টরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন