রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল কার্যকরের নির্দেশ

নিউজ ডেস্ক

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় বেতন স্কেল, ২০২৬ কার্যকরের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে নতুন বেতন স্কেলের গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, স্বশাসিত (পাবলিক বডিজ) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর আওতায় অর্থ বিভাগের জারি করা গেজেটের কপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর এ গেজেট জারি করে অর্থ বিভাগ।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানার সই করা চিঠিটি রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকসহ মোট আটটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গেজেটের কপি পাঠানো হয়েছে।

এ ছাড়া দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালকের কাছেও গেজেট পাঠানো হয়েছে।

চিঠিতে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর গেজেটের দুই কপি সংযুক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখন গেজেটে দেওয়া নির্দেশনা অনুযায়ী নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেবে।

এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন