একই পরিবারের একাধিক ব্যক্তি সার ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এ নীতিমালার কার্যকারিতার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক ব্যক্তির সার ডিলারশিপ নেওয়ার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (৭ অক্টোবর) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহবুবা জুঁই। রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইকরামুল হক টুটুল।
এর আগে, একই পরিবারের একাধিক ব্যক্তি সার ডিলারশিপ নিতে পারবেন না—নীতিমালার এমন বিধান চ্যালেঞ্জ করে পাঁচ ব্যক্তি হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ নীতিমালাটির কার্যকারিতার ওপর স্থিতাবস্থা জারি করেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আদেশের পর সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল বলেন, ২০০৯ সালের নীতিমালায় একই পরিবারের একাধিক সদস্যের নামে সার ডিলারশিপ নেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল না। ফলে স্বামী, স্ত্রী, সন্তান বা পুত্রবধূর নামে একাধিক ডিলারশিপ নিয়ে পারিবারিকভাবে ব্যবসা নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হয়েছিল।
তিনি বলেন, পারিবারিক মনোপলি বন্ধ, ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং কৃষকদের কাছে সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে ২০২৫ সালের নীতিমালায় এ বিধান যুক্ত করা হয়। চলতি বছরের আগস্টে নীতিমালাটি সংশোধনও করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেলের ভাষ্য, হাইকোর্টের স্থিতাবস্থা আদেশের কারণে পুরোনো ডিলারশিপ বহাল রাখার সুযোগ তৈরি হয়েছিল। তবে চেম্বার আদালতের আদেশের ফলে সেই বাধা দূর হয়েছে এবং সরকারের নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যেতে আর কোনো আইনি প্রতিবন্ধকতা থাকল না।

