আইন দ্বারা নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা কিংবা তাকে ঘিরে আগামী ডিসেম্বরে কোনো ধরনের অপতৎপরতা হলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান তিনি।
বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবিপ্রধান এসব কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, আইনবিরোধী কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। বিশেষ করে ঢাকা মহানগরীর বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং তাকে ঘিরে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি, নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন দ্বারা নিষিদ্ধ কর্মকাণ্ড কোনোভাবেই করতে দেওয়া হবে না। নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড যাতে সংগঠিত হতে না পারে, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।
ডিবিপ্রধান আরও বলেন, নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে গ্রেপ্তার অভিযানও চলমান রয়েছে। রাজধানীতে কেউ নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত, প্রচার বা পরিচালনার চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে নিষিদ্ধ রাজনৈতিক দলের ঝটিকা মিছিল ও সমাবেশের চেষ্টা ঠেকাতে রাজধানীতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।

