রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

নিউজ ডেস্ক

দেশে আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা, যা প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।

বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। এতে বলা হয়, নতুন দাম ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুল্ক ও মূসকসহ অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। সেপ্টেম্বরে এ দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানির দামও বাড়ানো হয়েছে। শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির নতুন সিদ্ধান্তের ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—দুই ধরনের ফ্লাইট পরিচালনাতেই জ্বালানি খাতে অতিরিক্ত ব্যয় বহন করতে হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন