হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ সংকট ও দাম বাড়ার প্রেক্ষাপটে জরুরি মজুদ থেকে আরও দ্রুত তেল ছাড়তে সম্মত হয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্য দেশগুলো।
আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল জানিয়েছেন, ২০২৬ সালের মার্চে নেওয়া যৌথ পদক্ষেপ বাস্তবায়নে সদস্য দেশগুলো তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ওই উদ্যোগের আওতায় সরবরাহ সংকট মোকাবিলায় জরুরি মজুদ থেকে মোট ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত হয়েছিল।
এক বিবৃতিতে বিরোল বলেন, এরই মধ্যে যৌথ সিদ্ধান্তের আওতায় প্রায় ৩২ কোটি ৫০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়া হয়েছে। প্রতিশ্রুত কিন্তু এখনো বাজারে না আসা মজুদের পুরোটুকু ছাড়লে আরও প্রায় ১০ কোটি ব্যারেল তেল সরবরাহ করা সম্ভব হবে।
সম্প্রতি জ্বালানি বাজারে সরবরাহ বাড়াতে জি-৭ দেশগুলোর ওপর চাপ বাড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জি-৭ দেশগুলো সরবরাহ না বাড়ালে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করতে পারে বলে হুমকি দিয়েছিলেন তিনি। এর পর জি-৭ প্রায় ১০ কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নেয়।
আইইএর নির্বাহী পরিচালক জানান, সংস্থাটির কয়েকটি সদস্য দেশ প্রাথমিকভাবে দেওয়া প্রতিশ্রুতির চেয়েও বেশি তেল বাজারে ছেড়েছে। বর্তমানে আইইএভুক্ত দেশগুলোর সরকারি জরুরি তেল মজুদের পরিমাণ প্রায় ১১০ কোটি ব্যারেল।
এর মধ্যে ২০ কোটিরও বেশি ব্যারেল ডিজেল রয়েছে। চলমান সরবরাহ সংকটের মধ্যে জরুরি মজুদ থেকে অতিরিক্ত তেল বাজারে ছাড়ার ফলে জ্বালানি সরবরাহ বাড়ানো এবং বাজারের ওপর চাপ কমানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছে আইইএ।

