রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মক্কা-মদিনা ছাড়া সউদীর পুরো আকাশসীমায় বিমান চলাচলে ‘শেষ সতর্কবার্তা’ হুতিদের

নিউজ ডেস্ক

সৌদি আরবের আকাশসীমাকে নিজেদের সামরিক অভিযানের আওতাভুক্ত এলাকা ঘোষণা করে সেখানে ফ্লাইট পরিচালনা না করতে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোকে ‘শেষবারের মতো’ সতর্ক করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। একই সঙ্গে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে তারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন। তিনি দাবি করেন, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এতে বিমানবন্দরের কার্যক্রম ও বিমান চলাচল ব্যাহত হয়েছে। তবে হামলার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সৌদি কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইয়াহিয়া সারি বলেন, সৌদি আকাশসীমা বর্তমানে হুতিদের সামরিক অভিযানের ‘কেন্দ্র’ হয়ে উঠেছে। এ কারণে বিশ্বের সব এয়ারলাইনসকে সৌদি আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনার পরিণতি সম্পর্কে শেষবারের মতো সতর্ক করা হচ্ছে। তবে মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোর আকাশসীমা এ সতর্কবার্তার আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।

এর আগে চলতি সপ্তাহেও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার দাবি করেছিল হুতিরা। সৌদি নেতৃত্বাধীন জোট অবশ্য রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। বিমান চলাচল পর্যবেক্ষণকারী তথ্যেও ওই সময় বিমানবন্দরের কার্যক্রমে সাময়িক বিঘ্নের ইঙ্গিত পাওয়া যায়।

হুতিদের নতুন সতর্কবার্তা এমন সময়ে এলো, যখন সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরকে ঘিরে হামলা ও পাল্টা হামলা বেড়েছে। বুধবার হুতিরা রিয়াদ ও আবহা বিমানবন্দরসহ কয়েকটি সামরিক স্থাপনায় হামলার দাবি করে। সৌদি কর্তৃপক্ষের হিসাবে, আগের একটি হামলায় একজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।

এদিকে সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদেরও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। রিয়াদে মার্কিন মিশনের সতর্কতায় বলা হয়েছে, হুতিদের হুমকির কারণে যেকোনো সময় ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ কিংবা ভ্রমণসূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। মার্কিন নাগরিকদের ফ্লাইটের সর্বশেষ তথ্য সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে সরাসরি জেনে নিতে বলা হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইয়েমেন সীমান্তের ২০ মাইলের মধ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি জিজান, আসির ও নাজরান প্রদেশ এবং কাতিফ, ইয়ানবু ও তাইফে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ অনুমতির প্রয়োজন হবে বলে জানানো হয়েছে।

ইয়েমেনে সাম্প্রতিক সংঘাত তীব্র হওয়ার মধ্যেই সৌদি বিমানবন্দরগুলোকে ঘিরে হুতিদের হামলা বাড়ছে। ফলে সৌদি আকাশসীমার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে বিভিন্ন দেশ ও বিমান চলাচল কর্তৃপক্ষ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন