সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি, মাফিয়াবৃত্তির অবসান ঘটবে

নিউজ ডেস্ক

সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, এই কমিটির মাধ্যমে পরিবহন খাতের দীর্ঘদিনের মাফিয়াবৃত্তির অবসান ঘটবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নতুন নতুন উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে দেশের পরিবহন খাতকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের অচলাবস্থা দূর করে খাতটিকে আইনানুগ কাঠামোর মধ্যে আনা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করা হবে।

তিনি বলেন, সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি বন্ধে নতুন কমিটিকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পরিবহন খাতকে ঘিরে যে অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে, তা থেকে বেরিয়ে আসার জন্য সংগঠিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, রাজনীতিবিদরা দায়িত্ব নেওয়ার সুযোগ পেলে গত ১৭ বছরের নৈরাজ্যের অবসান ঘটানো সম্ভব হবে। রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশ পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন