রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিললো ৩ ‘স্বর্ণের ডিম’

নিউজ ডেস্ক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দ করা পেস্টগুলোর মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে (জ৯ ৫১৮) ঢাকায় আসেন ওই যাত্রী। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারির সময় তাকে সন্দেহ হলে তল্লাশি করা হয়।

কাস্টমস সূত্র জানায়, ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় যাওয়ার পর আরমান উদ্দিন সিদ্দিক নামের ওই যাত্রীকে তল্লাশি করা হয়। একপর্যায়ে তার পায়ুপথে সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট পাওয়া যায়।

পরীক্ষা করে পেস্টগুলো স্বর্ণ বলে শনাক্ত করা হয়। কাস্টমসের তথ্য অনুযায়ী, প্রতিটি পেস্টের ওজন প্রায় ৪৩০ গ্রাম করে। স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, পেস্টগুলো পরিশোধনের পর আনুমানিক ১ কেজি স্বর্ণ পাওয়া যেতে পারে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন