রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ অনুমোদন দেওয়া হয়।
এর ফলে প্রথম ইউনিটে পরমাণু চুল্লির ক্রিটিক্যালিটি বা স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন তৈরির প্রক্রিয়া শুরু করার পথ খুলেছে। এ ধাপে নিয়ন্ত্রিত ও নিরাপদভাবে পারমাণবিক বিভাজনের মাধ্যমে চুল্লিতে তাপ ও শক্তি উৎপাদন শুরু হবে।
রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের আগের ধাপের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে স্টেজ ‘বি ওয়ান’-এর গুরুত্বপূর্ণ কার্যক্রমও শেষ করা হয়েছে।
সবশেষে স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষায় যে জটিলতা ছিল, সেটিও সমাধান হয়েছে। এরপর শুরু হবে স্টেজ ‘বি টু’, যেখানে প্রাথমিক পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হবে।
স্টেজ ‘বি টু’ শেষে চুল্লিতে ক্রিটিক্যালিটি অর্জনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন তৈরি করা হবে। এরপর ধাপে ধাপে চুল্লির শক্তি বাড়ানো হবে। প্রথম ইউনিটের উৎপাদন সক্ষমতা ৩০০ মেগাওয়াটে পৌঁছালে জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের এই অনুমোদনকে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক ধাপ হিসেবে দেখা হচ্ছে।

