ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে আগ্রহী ডিপি ওয়ার্ল্ড
বাংলাদেশে নতুন বিনিয়োগ, ফ্রি ট্রেড জোন এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ডিপি ওয়ার্ল্ড। প্রতিষ্ঠানটির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয়ে আলোচনা করেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা এবং লজিস্টিকস খাতের উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তির বিষয়টিও উঠে আসে। চুক্তির আওতায় টার্মিনাল ও এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড।
প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো স্থাপনের পাশাপাশি নতুন বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের আগ্রহ জানতে চান। জবাবে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল এসব খাতে বিনিয়োগ ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতা বাড়ানো এবং বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার পাশাপাশি প্রযুক্তি, অপারেশনাল দক্ষতা ও সমন্বিত লজিস্টিকস সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশের বাণিজ্যিক সংযোগ আরও শক্তিশালী করতে তারা কাজ করতে চায়।
বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানোর ধারাবাহিকতায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এই আলোচনা নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি করেছে।

