সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জাতিসংঘের নেতৃত্বে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতিসংঘের নেতৃত্ব এবং আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় সংকট আরও জটিল হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন আদৌ সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই সম্ভব’। আন্তর্জাতিক মহলের সহযোগিতা ও জাতিসংঘের নেতৃত্বে প্রত্যাবাসন নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ইতোমধ্যে অনেক সময় অতিবাহিত হয়েছে এবং পরিস্থিতি আরও গভীর হয়েছে। তবে দ্রুত এ সংকট থেকে মুক্তি পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রোহিঙ্গাদের জন্য পৃথক কারাগার নির্মাণের কোনো প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে বলে তাঁর জানা নেই।

এর আগে ৪ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত ব্যবস্থা (IIMM)-এর প্রধান নিকোলাস কুমজিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, সীমান্ত নিরাপত্তা এবং মিয়ানমারে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসহ আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য জাতীয় কৌশল প্রণয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করেছে সরকার। কমিটির লক্ষ্য দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের জন্য সমন্বিত কৌশল তৈরি করা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন