আসন্ন মার্কিন মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে নতুন কোনো সামরিক হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘ফলপ্রসূ’ আলোচনা চলছে বলেও দাবি করেছেন তিনি। খবর আল জাজিরার।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা চলছে।
তিনি জানান, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ এখনো কার্যকর রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনের আগে কোনো সময়েই ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছে তেহরান। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে ইরানের সুনির্দিষ্ট জবাব যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া হবে বলেও জানান তিনি।

