সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সাত মাসে সোয়া চার লাখের বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক

চলতি বছরের সাত মাসের কিছু বেশি সময়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেছেন ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন বাংলাদেশি। একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বেশি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয়।

বৈঠকে উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশে যাওয়া কর্মীদের মধ্যে ৩৬ হাজার ৫৯০ জন নারী। এ সময়ে কর্মসংস্থানের জন্য বিভিন্ন দেশে গেছেন মোট ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন বাংলাদেশি।

প্রবাসী আয় বৃদ্ধির পাশাপাশি বিদেশগামী ও দেশে ফেরত আসা কর্মীদের বিমানবন্দরে হয়রানি বন্ধের ওপর গুরুত্ব দিয়েছে সংসদীয় কমিটি। প্রবাসী কর্মীরা যেন বিমানবন্দরে কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কঠোর নজরদারির সুপারিশ করা হয়েছে।

একই সঙ্গে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্ব পালনে বিচ্যুতি রোধে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার তথ্যও জানানো হয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে দেশে ফেরত আসা এসব বাংলাদেশির মধ্যে ১২ জন নারী ও আটটি শিশু রয়েছে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্সি ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ভূমিকা তুলে ধরা হয় বৈঠকে। বর্তমানে দেশে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সংখ্যা ২ হাজার ৮৬০টি। এর মধ্যে সক্রিয় রয়েছে ২ হাজার ১৮৭টি।

বৈঠকে কমিটির সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মো. জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম ও আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন