রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

এবার শীতের দাপট কম থাকতে পারে, আভাস আবহাওয়াবিদদের

নিউজ ডেস্ক

এবার বাংলাদেশে শীতের আগমন কিছুটা বিলম্বিত হতে পারে। পাশাপাশি শীতের স্থায়িত্ব ও তীব্রতা গত কয়েক বছরের তুলনায় কম থাকার আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তবে শীতের মৌসুমে ঘন কুয়াশা বাড়তে পারে এবং কয়েক দফায় স্বল্পস্থায়ী শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বর্ষা বিদায়ের পরপরই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে না। অক্টোবরজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে দিনের বেলা গরম অনুভূত হতে পারে। নভেম্বরের শেষভাগে শীতের প্রভাব আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বলেন, শক্তিশালী এল নিনোর প্রভাবে এবার বিশ্বজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। বাংলাদেশেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ফলে শীতের সময়কাল তুলনামূলক কম হতে পারে। তবে শীতের তীব্রতা কমলেও ঘন কুয়াশার প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বাংলাদেশে শীতকালে তাপমাত্রা সাধারণত অঞ্চলভেদে ১২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এবার গড় তাপমাত্রা ১৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উত্তরাঞ্চলে তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এবার একটানা দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহের পরিবর্তে কয়েক দফায় স্বল্পস্থায়ী ও বিচ্ছিন্ন শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। ফলে শৈত্যপ্রবাহের দিনসংখ্যা কম হলেও কোনো কোনো সময়ে তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) পূর্বাভাসেও এল নিনোর শক্তিশালী হওয়ার ইঙ্গিত রয়েছে। প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে বৈশ্বিক বায়ুপ্রবাহ, তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসতে পারে। এর প্রভাব দক্ষিণ এশিয়ার আবহাওয়াতেও পড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, এল নিনোর প্রভাবে শীতের তীব্রতা ও স্থায়িত্ব কমতে পারে। তবে এ কারণে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে উত্তরাঞ্চলে রাতে আকাশ পরিষ্কার থাকা, হালকা বাতাস ও কুয়াশার পরিস্থিতিতে তাপমাত্রা দ্রুত কমে যেতে পারে।

সাধারণত অক্টোবরের শেষ দিক থেকে দেশে তাপমাত্রা কমতে শুরু করে। নভেম্বরের শেষভাগে উত্তরের হিমেল বাতাসের প্রভাব বাড়ে এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে শীতের মূল সময়। তবে এবারের পূর্বাভাস অনুযায়ী, শীত ধীরে ধীরে জেঁকে বসতে পারে এবং দীর্ঘস্থায়ী কনকনে ঠান্ডার পরিবর্তে স্বল্প সময়ের জন্য তীব্র শীত অনুভূত হতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন