সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে আলেমদের প্রতি আহ্বান হাসনাতের

নিউজ ডেস্ক

আসন্ন শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৯ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, শত শত কোটি টাকা ব্যয় করে আওয়ামী লীগ এ দেশের মাদরাসা শিক্ষা ও আলেম-ওলামাদের উগ্রবাদী হিসেবে প্রমাণের চেষ্টা করেছে। এ বক্তব্য মিথ্যা প্রমাণ করতে হলে ভিন্ন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অন্য ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা তুলে ধরতে হবে।

একই সঙ্গে কওমি মাদ্রাসার শিক্ষা সনদের কার্যকারিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, রাষ্ট্রের মূলধারার পেশাগুলোতে প্রবেশের জন্য যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয়, সেগুলোতে অংশগ্রহণের সুযোগও নিশ্চিত করতে হবে।

হাসনাত বলেন, আলেম-ওলামারা যেন জাতীয় পর্যায়েও যথাযথ ও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

এদিন বইমেলায় ফাউন্টেন প্রকাশনীর ১৮টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন