সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

শিগগিরই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সৌদি আরবের ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন জানিয়ে তিনি বলেন, শিগগিরই সুবিধাজনক সময়ে এ সফর অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারি: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

হুমায়ুন কবির জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তার সুবিধাজনক সময়ে তাকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সৌদি আরবের শক্তিশালী অংশীদার। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।

তিনি বলেন, এ ধরনের কোনো চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। বাংলাদেশের শান্তিরক্ষার অভিজ্ঞতা মুসলিম দেশগুলোর সেবায় এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় কাজে লাগানোর সুযোগও রয়েছে বলে জানান তিনি।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের অধিকার ও কল্যাণের বিষয়েও গুরুত্ব দেন হুমায়ুন কবির। তিনি বলেন, প্রবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। শ্রমিক নিয়োগের ব্যবস্থাপনা এবং শ্রমিক ও নিয়োগকর্তা—উভয় পক্ষের স্বার্থ সুরক্ষায় সৌদি আরবের সহযোগিতাকে বাংলাদেশ মূল্যায়ন করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীদের শুধু শ্রমের উৎস হিসেবে নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীসহ অন্যরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন