রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মমতা, নেহা বোরাসহ আটক শতাধিক

নিউজ ডেস্ক

দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছাত্রনেত্রী নেহা বোরা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদবসহ শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের আটক করা হয়। এ সময় মমতাকে তাঁর বাড়ির সামনে থেকে এবং নেহা বোরাকে বিক্ষোভ মিছিলের সময় আটক করা হয়।

জানা গেছে, দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাসভবনের সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করে দিল্লি পুলিশ। বেআইনি জমায়েতের অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ সময় তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য নেতারা ছিলেন।

পুলিশ অবরোধ তুলে নিয়ে সরে যাওয়ার নির্দেশ দিলেও মমতা ও তাঁর সঙ্গে থাকা নেতারা অবস্থান চালিয়ে যান। পরে তাঁদের আটক করা হয়। আটকের পর এক ভিডিওবার্তায় মমতা বলেন, ‘সিজেপির আমন্ত্রণে যন্তর মন্তরে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাকে বাড়ির সামনে থেকে আটক করেছে।’

এদিকে, পুলিশি ধরপাকড়ের মুখে বিক্ষোভস্থল যন্তর মন্তর থেকে দিল্লি হাটে সরিয়ে নেওয়ার আহ্বান জানান অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা। তাঁর নেতৃত্বে দিল্লি হাটের উদ্দেশে পদযাত্রা শুরু হলে আইএনএ এলাকায় বিক্ষোভকারীদের আটক করতে শুরু করে পুলিশ। এ কর্মসূচিতে সমাজকর্মী যোগেন্দ্র যাদবও নেতৃত্ব দেন।

নেহা বোরা বলেন, ‘দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’ আটকের পর তাঁকে একটি পুলিশ বাসে রাখা হয়। তাঁকে মুক্ত করার দাবিতে বিক্ষোভকারীরা বাসটি ঘিরে অবস্থান নেন।

নেহা বোরা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশনের ছাত্রসংগঠন আইসার সভাপতি।

এর আগে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে দিল্লি যাওয়ার পথে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে গুরুগ্রাম পুলিশ। পরে দিল্লিতে অবতরণের পর বিমানের ভেতর থেকে আটক করা হয় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে।

বিমানের ভেতরে পুলিশ সদস্যরা দীপকেকে আটক করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো ঘটনা ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন তিনি। বিমানের ভেতর ধারণ করা ভিডিওবার্তায় দীপকে বলেন, ‘জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীও এমনটা করেননি। পরিস্থিতি তার চেয়েও খারাপ। আমরা সবাই গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত।’

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন